ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রস্তাবিত ‘গণ-ইমপিচমেন্ট’ কর্মসূচি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে ভারী বৃষ্টির কারণে জ্যেষ্ঠ নেতাদের অসুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাহুল গান্ধী জানান, কর্মসূচিটি এখন শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে এ আয়োজনের কথা রয়েছে।
কর্মসূচির সময় পরিবর্তনের বিষয়ে রাহুল বলেন, জোটের জ্যেষ্ঠ নেতাদের সুবিধার কথা মাথায় রেখে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, ‘ঐকমত্যের ভিত্তিতে বৃষ্টির কারণে আজকের কর্মসূচি আগামীকাল একই সময়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃষ্টিতে জ্যেষ্ঠদের বসে থাকা কঠিন হবে।’
এদিকে আগামী ১ নভেম্বর ইন্ডিয়া জোটের উদ্যোগে রামলীলা ময়দান অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী।
তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের নেতৃত্বের কর্মকাণ্ডে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ছে।
রাহুলের আরও অভিযোগ, উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও তেলেঙ্গানা থেকে মানুষ যাতে দিল্লিতে এসে বিক্ষোভে অংশ নিতে না পারেন, সে চেষ্টা করা হচ্ছে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন বলেও দাবি করেন তিনি।
বিভিন্ন বাধা ও বিধিনিষেধ অতিক্রম করে শেষ পর্যন্ত কত মানুষ দিল্লিতে পৌঁছাতে পারবেন, তা রামলীলা ময়দানে উপস্থিতির মধ্য দিয়েই বোঝা যাবে বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা।
মন্তব্যসমূহ