ময়মনসিংহ অঞ্চলের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে সরকার। আগামী গ্রীষ্মের আগেই এ অঞ্চলে লোডশেডিংয়ের পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সংকট মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের হলরুমে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) যৌথ উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়ে উদ্যাপন করলেও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়নি। বিশেষ করে ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের জন্য প্রয়োজনীয় সঞ্চালন অবকাঠামো গড়ে তোলা হয়নি। এতে দীর্ঘ সময় ধরে এ অঞ্চলের বাসিন্দাদের বিদ্যুৎ ও গ্যাসের সংকট মোকাবিলা করতে হয়েছে।
বর্তমান সরকার পরিস্থিতির উন্নয়নে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আগামী গ্রীষ্মের আগেই ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমে আসবে বলে তিনি আশা করছেন।
ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের সুযোগ বাড়লে স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণ করা সহজ হবে। পাশাপাশি জাতীয় বিদ্যুৎ সংকট মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনেও এটি ভূমিকা রাখবে। সরকারের নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ভালুকার দুটি আবাসিক ভবনে ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর একটি স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের বাড়িতে, যার উৎপাদন সক্ষমতা ২০ কিলোওয়াট পিক। অন্যটি স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে স্থাপন করা হয়েছে, যার সক্ষমতা ৫ কিলোওয়াট পিক।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মনিরুল ইসলাম। কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে উপস্থাপনা করেন প্রতিষ্ঠানটির হেড অব রিনিউএবল এনার্জি মো. এনামুল করিম পাভেল।
এ ছাড়া বক্তব্য দেন বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিছুজ্জামান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ইডকল ও বিআইএফএফএলের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
উল্লেখ্য, ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির মূল লক্ষ্য আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন এবং দেশের টেকসই জ্বালানি ব্যবস্থার উন্নয়নে কাজ করছে ইডকল ও বিআইএফএফএল।
মন্তব্যসমূহ