শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করছে সরকার। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে পেশাদার ক্রীড়াবিদ হয়ে ওঠার পথও তৈরি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (৩০ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা ইতিমধ্যে শেষ হয়েছে। এবার প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ইতিমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন করেছি। এখন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরু করা হবে। খেলাধুলার চর্চা এ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ারও সুযোগ রয়েছে।’
এদিকে চলতি বছরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নতুন বইয়ের বিষয়বস্তুর মধ্যে রয়েছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘আমার কারিগরি শিক্ষা’, ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ‘খেলাধুলা’।
শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও জীবনদক্ষতা বাড়ানোর অংশ হিসেবে আগামীতে সাঁতার প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রতি আগ্রহী করে তোলা হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
মন্তব্যসমূহ