চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর নম্বর নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন অনলাইনে। আগামী রোববার (১ নভেম্বর) থেকে শুরু হয়ে এ আবেদন গ্রহণ চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনঃনিরীক্ষণের জন্য সরাসরি বা ম্যানুয়াল পদ্ধতিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
যেভাবে আবেদন করবেন
পুনঃনিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: https://rescrutiny.eduboardresults.gov.bd।
প্রথমে সেখানে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজ নিজ শিক্ষাবোর্ড নির্বাচন করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। আবেদন করা ফলাফল পুনঃনিরীক্ষণ শেষে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।
পরবর্তী ধাপে স্ক্রিনে বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। সেখান থেকে প্রয়োজনীয় এক বা একাধিক বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে।
আবেদন ফি ও পরিশোধের নিয়ম
শিক্ষাবোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতিটি পত্রের পুনঃনিরীক্ষণের জন্য ১৫০ টাকা দিতে হবে। কোনো বিষয় দুই পত্রের হলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবা ব্যবহার করা যাবে। অর্থ পরিশোধের বিস্তারিত নির্দেশনা জানতে ওয়েবসাইটের ‘হেল্প’ অপশন অনুসরণ করতে বলা হয়েছে।
ফি জমা দেওয়ার পর আবার আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এই ধাপ সম্পন্ন হলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে।
শিক্ষাবোর্ড জানিয়েছে, ফি পরিশোধের আগপর্যন্ত নির্বাচিত বিষয়ে কোনো ভুল থাকলে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে তা সংশোধন বা বাতিল করা যাবে।
তবে একবার ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করার পর নির্বাচিত বিষয় পরিবর্তন কিংবা বাতিলের সুযোগ থাকবে না। কোনো পরিস্থিতিতেই জমা দেওয়া আবেদন ফি ফেরত দেওয়া হবে না।
এ ছাড়া ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে আগের নিয়ম অনুসরণ করে নতুন করে আবেদন করা যাবে।
মন্তব্যসমূহ