স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, সংবিধান সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দাবি পূরণ না হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।
শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বিএনপি সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং প্রশাসনে দলীয়করণের অভিযোগ তোলেন।
সমাবেশ থেকে উত্থাপিত চার দফা দাবির মধ্যে রয়েছে, ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন; মানবাধিকার ও বাকস্বাধীনতার পরিপন্থী সব আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা। এ ছাড়া জুলাই গণহত্যার বিচার শেষ করে দ্রুত রায় কার্যকরের দাবিও জানান নেতারা।
সমাবেশে নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশ পরিচালনায় সরকারের সুস্পষ্ট কোনো পরিকল্পনা নেই। গণভোটে জনগণের প্রত্যাশার প্রতিফলন উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন, মানবাধিকারবিরোধী আইন বাতিল এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে এনসিপির নেতারা বলেন, তাদের দাবিগুলো পূরণ না হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
মন্তব্যসমূহ