দেশে হাম পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯১ জনের শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে।
শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭৩। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের। এ নিয়ে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৭৭০ জনে।
মৃত্যুর হিসাবেও বেড়েছে সংখ্যা। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ১০৫ জন। দুই শ্রেণি মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৫১।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সময়ে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ২ হাজার ৬৩৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।
মন্তব্যসমূহ