পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে কেন্দ্রটির প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে প্রবেশ করল।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এ পর্যায়ে চুল্লিতে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন সৃষ্টি করা হবে। এর মাধ্যমে ধীরে ধীরে স্থিতিশীল ও নিরাপদভাবে শক্তি উৎপাদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
প্রকল্পটির আগের সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসারে রাশিয়ার সহযোগিতায় নির্মিত কেন্দ্রটির প্রথম ইউনিটের ‘বি ওয়ান’ পর্যায়ের কাজও মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষায় যে জটিলতা দেখা দিয়েছিল, সেটিও কাটিয়ে ওঠা গেছে।
এখন পরবর্তী ধাপ ‘বি টু’। এ পর্যায়ে প্রাথমিক পরিচালনার উপযোগী করে পারমাণবিক চুল্লি প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় ‘ক্রিটিক্যালিটি’ প্রক্রিয়া। এই ধাপেই চুল্লির ভেতরে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হয়।
ক্রিটিক্যালিটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের মাত্রা বাড়ানো হবে। উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছালে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
মন্তব্যসমূহ