১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে ৪১০ কিলোমিটার দীর্ঘ লংমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মসূচিতে ১৯ জেলার নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণের পাশাপাশি প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হওয়ার আশা করছে আয়োজকেরা। শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, দেশে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও রাজনৈতিক সংঘাত বাড়ছে। সরকারি দলের অভ্যন্তরীণ বিরোধের জেরেও হত্যাকাণ্ড ঘটছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
শনিবারের লংমার্চের বিষয়ে তিনি বলেন, সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতি পূরণ না করার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁর মতে, আগের দুই দফার তুলনায় এবারের লংমার্চটি হবে সবচেয়ে দীর্ঘ। ঢাকা ও আশপাশের জেলা ছাড়াও মোট ১৯টি জেলার দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা এতে অংশ নেবেন। বহরে প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হওয়ার প্রত্যাশা রয়েছে।
সংবাদ সম্মেলনে সাত দফা দাবির পক্ষে যুক্তি তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের একটির ভিত্তিতে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হয়ে অন্য ভোটের গণরায় অস্বীকার করা জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গের শামিল। তাঁর বক্তব্য, সরকার আন্তরিক হলে আগামী ৯ নভেম্বরের সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে বিরোধী দলের সহযোগিতায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে জুলাই গণহত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, জ্বালানি সংকটের সমাধান এবং প্রশাসন, সচিবালয়, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা।
দেশে দুর্নীতি, টেন্ডারবাজি, ডিলারশিপ বাণিজ্য ও চাঁদাবাজির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘চাঁদাবাজির ধরন পরিবর্তন হয়নি, শুধু চাঁদাবাজদের পরিচয় ও দলের নাম পরিবর্তন হয়েছে।’
লংমার্চের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ঢাকা ও খুলনা রেঞ্জের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা হয়েছে। তাঁদের কাছ থেকে সহযোগিতার আশ্বাসও পাওয়া গেছে।
কর্মসূচির কারণে মহাসড়কে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হতে পারে উল্লেখ করে আগাম দুঃখ প্রকাশ করেন গোলাম পরওয়ার। যানজট কমাতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চ পরিচালনার পরিকল্পনার কথাও জানান তিনি।
এ সময় নেতা-কর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বহরের নিরাপত্তা, চিকিৎসা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক ও মিডিয়া টিমের নির্দেশনা মেনে চলার পাশাপাশি টোল পরিশোধ এবং প্রয়োজনীয় খাবার ও ওষুধ সঙ্গে রাখার পরামর্শ দেন তিনি।
মন্তব্যসমূহ