বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়নের পথ সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে জাপান। দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করা এবং নতুন খাতে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে দেশটির অর্থমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসি। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতা নিয়ে আলোচনা হয়। বিদ্যমান অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।
বিশেষ করে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং প্রচলিত এফডিআইয়ের বাইরে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি বিদ্যমান সম্পর্ককে আরও গতিশীল করতে এবং নতুন নতুন খাতে একসঙ্গে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এ ছাড়া দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী জাপান। দেশটির অর্থায়নে পদ্মা সেতু রেল সংযোগ ও মেট্রো রেলসহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা রয়েছে।
বর্তমানে দুই দেশের মধ্যে নতুন উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা এবং চুক্তি অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ