প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর মতে, সফরে জাপানের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখা ও বাড়ানোর প্রতিশ্রুতিও পাওয়া গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমুখী গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বিবেচনায় রেখেই এই সফর অনুষ্ঠিত হয়েছে। সফরের ফলে দুই দেশের সহযোগিতার পরিসর আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তিনি জানান, বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে জাপানের সহযোগিতা অব্যাহত রাখা এবং তা আরও বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতি এসেছে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও সম্ভাবনা তৈরি হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার আগে বাংলাদেশকে ভিত্তি করে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জকে সামনে রেখে যোগাযোগ, পরিবেশ, কৃষি, মানবসম্পদ, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, টেকসই অর্থনীতি আন্তর্জাতিক শান্তি ও স্থীতিশীলতা এবং রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে জাপানের নিরবচ্ছিন্ন সহায়তার প্রতিশ্রুতি নিয়ে প্রত্যাবর্তন করেছেন।’
তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সংযোগ বাড়ানোর সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে।
সামগ্রিকভাবে প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মন্তব্যসমূহ