মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সমন্বয়ের বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্যোগে ‘সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌরবিদ্যুৎ স্থাপনে কর্মকৌশল নির্ধারণ’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
সরকারি চাকরিজীবীদের দায়িত্ব ও সুযোগ-সুবিধার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা কেবল চাকরি করেন না, তাঁরা দেশের ১৮ কোটি মানুষের সেবা প্রদানের দায়িত্ব পালন করেন। তাই তাঁদের কাজের যথাযথ মূল্যায়নের পাশাপাশি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় বেতন-ভাতা সমন্বয়ের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে।
তবে সীমিত সম্পদের কারণে সব পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। আগামী কয়েক বছরের মধ্যে পর্যায়ক্রমে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, সৌরশক্তির কার্যকর ব্যবহার মানুষের দৈনন্দিন ব্যয় কমাতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করতে পারে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নির্ধারিত পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগের সুফল যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেন স্থানীয় সরকার মন্ত্রী।
দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে সমতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ৫০৩টি উপজেলার উন্নয়ন পরিকল্পনায় ভারসাম্য নিশ্চিত করতে হবে। একটি উপজেলা বিশেষ সুবিধা পেলেও পাশের উপজেলার মানুষ যাতে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখা প্রয়োজন।
জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সব এলাকার মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, স্থানীয় পর্যায়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের কাজের মূল লক্ষ্য হওয়া উচিত সরকারি উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।
আলোচনাসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মন্তব্যসমূহ