ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ তুলে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। গ্যাস সিলিন্ডারের মূল্য ও সরবরাহসংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সেলিম খান দুই দিনের এই কর্মসূচির কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের নিয়মিত নানা ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সম্মুখীন হওয়ায় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
সেলিম খান জানান, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশের গ্যাসের দোকান বন্ধ রাখা হবে। ব্যবসায়ীদের দাবি আদায় এবং হয়রানি বন্ধের উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে সংগঠনের দাবিগুলো পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে চলতি মাসের ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।
এমন পরিস্থিতিতে এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের বিক্রি বন্ধের ঘোষণা এসেছে।
মন্তব্যসমূহ