মাদকবিরোধী অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‘মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসব মাদক ধ্বংস করা হয়।
বুধবার (৭ অক্টোবর) খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈচালাপাড়ায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের বাস্কেটবল গ্রাউন্ডে রোলারের চাপায় জব্দ করা মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।
বিজিবি জানিয়েছে, গুইমারা সেক্টরের অধীন যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি), খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এবং রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে মাদকগুলো জব্দ করা হয়েছিল।
ধ্বংস করা মাদকের তালিকায় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও নেশাজাতীয় ওষুধ ছিল। এর পাশাপাশি বিদেশি সিগারেট এবং দেশীয় চোলাই মদও ধ্বংস করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাজেদ হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনুল ইসলাম, যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. মঈনুল আলম, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এবং খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ।
মন্তব্যসমূহ