দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১২ ডিসেম্বর তাঁর জেলায় যাওয়ার কথা রয়েছে। সফরে তিনি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ক্রীড়া উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জ জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগ দেবেন। সেখানে তিনি জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা উপভোগ করবেন এবং অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
একই সফরে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফরের কর্মসূচিতে ক্রীড়া উৎসব ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি জেলা শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দেন।
পরে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে নৌপথে ওই নির্বাচনী এলাকায় যান তিনি। সেখানে টেকেরঘাট ও জামালগঞ্জে আয়োজিত দুটি পৃথক সমাবেশেও বক্তব্য দিয়েছিলেন।
২০০৪ সালের সেই সফরের পর এবার ২০২৬ সালের ১২ ডিসেম্বর আবার সুনামগঞ্জে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।














মন্তব্যসমূহ