রাজধানীর হাজারীবাগে একটি বাসায় বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১) ও খালাতো বোন ফরিদা বেগম (৫০)। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের আশঙ্কা করা হলেও এর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলার বাসায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর আহত উর্মিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত ও দগ্ধ ফরিদা বেগমকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, বিস্ফোরণের ঘটনায় পারভিন বেগম ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুই নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে উল্লেখ করে তিনি বলেন, বাসার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
আহত ফাতেমা আক্তার উর্মি জানান, তাঁরা হাজারীবাগের বটতলা এলাকার একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন।
ঘটনার সময় তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে ঘর থেকে বেরিয়ে দেখেন, বাসার দেয়াল ও জানালার কাচ ভেঙে গেছে।
উর্মির ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের আগে বাসার ভেতরে কেউ একজন ব্লেন্ডার চালু করেছিলেন। এর পরপরই বিস্ফোরণ ঘটে। তবে ব্লেন্ডার চালুর সঙ্গে বিস্ফোরণের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, বিস্ফোরণে ফরিদা বেগম গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে উর্মির কপালে আঘাত লেগেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।
বিস্ফোরণের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।














মন্তব্যসমূহ