ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ, মাদক পাচার এবং চোরাচালান বন্ধে বিজিবির সতর্কতামূলক কার্যক্রম সরেজমিনে দেখতে এ সফর করেন তিনি।
রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে ফেনীর পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। পরে তিনি বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্টে যান।
চেকপোস্ট পরিদর্শনকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর বিলোনিয়ায় অবস্থিত বিজিবির মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কার্যক্রম পর্যবেক্ষণ ছিল এ সফরের অন্যতম উদ্দেশ্য।
বিশেষ করে আগামী ডিসেম্বর পর্যন্ত সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন বিজিবি মহাপরিচালক।
একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পরিদর্শনকালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ আজম, পরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ নওফেল মাহমুদ এবং সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান, ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরে অংশ নেন।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, বিজিবি মহাপরিচালক কুমিল্লায় বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকে নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে পরশুরাম ও বিলোনিয়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি।














মন্তব্যসমূহ