প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চায় বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। দেশের অগ্রগতি ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে অসহায় ও দুস্থ রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘তারেক রহমান ও তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ হবে মানবিক ও উন্নয়নমুখী।’
মানুষের বিপদে পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে তিনি জানান, অসহায় মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’
সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সকলে মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।’
নিজেদের অঙ্গীকারের কথা তুলে ধরে জুবাইদা রহমান আরও বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’
অনুষ্ঠানে ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্গত গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানার মোট ১৬৫ জনকে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।
সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ১০৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তি, দুজন মেধাবী শিক্ষার্থী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন রোগী। এ ছাড়া মা ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য আরও ৪০ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের মধ্যে আর্থিক চেক এবং নিমগাছের চারা বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিতভাবে দেশ গড়ার ওপর গুরুত্ব দেন।














মন্তব্যসমূহ