আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশের সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে অবৈধ ও বিতর্কিত কোনো ব্যক্তি যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে সতর্ক রয়েছে বাহিনীটি। একই সঙ্গে অবৈধ পথে দেশ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাও প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। পরে তিনি সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
বিজিবি প্রধান বলেন, দেশের সব সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি চোরাচালান ও অবৈধ যাতায়াত প্রতিরোধ করা বাহিনীটির অন্যতম দায়িত্ব। কোনো ব্যক্তি যাতে অনুমোদন ছাড়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ কিংবা বাংলাদেশ থেকে অন্য দেশে যেতে না পারেন, তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে।
তিনি জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।
সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে একই দিনে ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক।
তিনি বলেন, বিজিবির নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে, যাতে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়।
পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন এবং দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে বাহিনীটি কাজ করছে বলে জানান তিনি।
মহাপরিচালক বলেন, সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা প্রয়োজন। এ কারণেই সরেজমিনে বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে দেখছেন তিনি।
সীমান্ত নিরাপত্তায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার ওপরও গুরুত্ব দেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সন্দেহজনক কোনো ব্যক্তির আসা-যাওয়া কিংবা অবৈধ সীমান্ত পারাপারের তথ্য পেলে তা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি।
স্থানীয়দের উদ্দেশে বিজিবি মহাপরিচালক বলেন, ‘আপনারা স্থানীয় যারা আছেন, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কোনো তথ্য যদি পান কারও আসার বা যাওয়ার, সেটা আমাদেরকে জানাবেন। বিজিবিকে জানালে সেটা আমরা সেভাবে ব্যবস্থা নিয়ে যাতে বন্ধ করা যায়, সেটা নিশ্চিত করতে পারব, ইনশা আল্লাহ।’
তিনি জানান, স্থানীয় পর্যায় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এতে অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ আরও কার্যকর হবে।
ডিসেম্বর মাস ঘিরে বিশেষ সতর্কতার অংশ হিসেবে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি সরেজমিনে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক।














মন্তব্যসমূহ