ভূমিকম্পের ঝুঁকিতে থাকা পুরোনো ভবনের পরিবর্তে নতুন ভবন নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে শাখা অফিস চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
রোববার (৪ অক্টোবর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের ১১ তলায় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ নতুন শাখা অফিসটির উদ্বোধন করেন। এ সময় সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নতুন শাখা অফিসে ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স, জনসংযোগ ও প্রকাশনা এবং অডিট বিভাগের কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি সভাকক্ষ ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জন্য অফিস কক্ষের ব্যবস্থাও রাখা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ইউজিসির বর্তমান ভবনটি অনেক পুরোনো এবং ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও উচ্চশিক্ষার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়লেও সেই অনুপাতে ইউজিসির অবকাঠামো ও জনবল বাড়েনি।
তিনি জানান, বর্তমানে দেশে ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম যথাযথভাবে তদারকি, সমন্বয় ও পরিচালনার জন্য ইউজিসির সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। তবে বর্তমান ভবনে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত জায়গা ও প্রয়োজনীয় কর্মপরিবেশের সংকট রয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, পুরোনো ভবনটি ভেঙে আধুনিক ও প্রয়োজনভিত্তিক নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) তৈরি করা হবে। আগামী দুই বছরের মধ্যে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করার লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
নতুন ভবন নির্মাণের কাজ নির্বিঘ্ন রাখতে ইউজিসির বিভিন্ন বিভাগ ধাপে ধাপে বিকল্প স্থানে সরিয়ে নেওয়া হবে বলেও জানান অধ্যাপক মামুন আহমেদ। এরই অংশ হিসেবে কয়েকটি বিভাগ ইতোমধ্যে শাখা অফিসে তাদের দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে।
অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. নিয়াজ আহমদ চৌধুরী এবং সচিব ড. মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ