বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত ‘ব্লু স্কাই’ স্কুলে সাধারণ পরিবারের সন্তানদের ভর্তি আরও সহজ করা এবং শিক্ষা ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠের পাশে অবস্থিত স্কুলটি পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় সাধারণ জনগণের সন্তানদের ভর্তি ফি কমানোসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠানটির টিউশন ফি অনেক বেশি। প্রধানমন্ত্রী আমাকে স্কুলটি পরিদর্শন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত প্রতিষ্ঠানটির সুবিধা কীভাবে বাড়ানো যায়, সাধারণ মানুষের সন্তানদের ভর্তি কীভাবে আরও সহজ করা যায় এবং ব্যয় কীভাবে কমানো যায়, সে বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন।’
স্কুলটির বর্তমান ব্যয়ের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমি দেখলাম, একজন শিক্ষক পাঁচজনের বেশি শিক্ষার্থী সামলান। যেহেতু তারা অটিস্টিক, তাই এটি অত্যন্ত ব্যয়বহুল। কর্মকর্তাদের সন্তানদের জন্য টিউশন ফি ২৫ হাজার টাকা এবং সাধারণ জনগণের সন্তানদের জন্য ৩০ হাজার টাকা।’
প্রতিষ্ঠানটির কিছু শ্রেণিতে একজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষকও রয়েছেন বলে জানান মন্ত্রী। এ বাস্তবতায় শিক্ষার মান ও প্রয়োজনীয় সেবা বজায় রেখে কীভাবে ব্যয় কমানো যায়, তা বিবেচনার পরামর্শ দেন তিনি।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষিত অভিভাবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে কীভাবে স্কুলের কাজে যুক্ত করা যায়, সে বিষয়ে ভবিষ্যতে পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তিনি।
একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত প্রতিষ্ঠানটিতে সরকারি সহযোগিতা দেওয়ার বিষয়েও গুরুত্ব দেন ড. আ ন ম এহছানুল হক মিলন।
পরিদর্শনের সময় স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, বিমানবাহিনী সদর দপ্তরের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমডোর ইমরানুর রহমান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ