ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন ৫৪তম সমাবর্তনে আচার্য হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তাকে আনুষ্ঠানিকভাবে এ আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান ঢাবি উপাচার্য। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক একাডেমিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে নেওয়া পদক্ষেপ এবং বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচালিত যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বিষয়ও রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন।
আগামী ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আচার্য হিসেবে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানও ওই সমাবর্তনে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থাকার বিষয়ে ইতোমধ্যে সম্মতি জানিয়েছেন।
সাক্ষাতে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়; এটি দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু।’
ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যেতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ