দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মহুয়া তাসনিম। তিনি বিশ্ববিদ্যালয়টির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে নিজ বাড়িতে মহুয়ার মৃত্যু হয়। তার মৃত্যুতে সহপাঠী, বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শোক নেমে এসেছে।
মহুয়ার সহপাঠী ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইসরাফিল হোসেন মানিক জানান, লিউকেমিয়ায় আক্রান্ত মহুয়ার চিকিৎসা চলছিল রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে।
চিকিৎসা শেষে কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র এক দিনের জন্য বাড়িতে ফিরেছিলেন তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য তার ভারতে যাওয়ার কথা ছিল। তবে এর আগেই তার মৃত্যু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহুয়া তাসনিমের গ্রামের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। তবে তার পরিবার ঢাকার সাভার উপজেলায় বসবাস করত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন মহুয়া। এরপর দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল।
তার মৃত্যুতে সহপাঠীদের পাশাপাশি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা শোক প্রকাশ করেছেন।
মন্তব্যসমূহ