ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জনসচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, শিক্ষার্থীদের আচরণ সাধারণ মানুষ অনুসরণ করে, তাই ঢাকা শহরকে বাঁচাতে তাদেরই এগিয়ে আসতে হবে।
রোববার (৪ অক্টোবর) ডিএসসিসির সংস্কার ও আধুনিকায়ন করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল আচরণ সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করে। এ কারণে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের দেওয়ার ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, সিপাহী বিপ্লবের স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্ক অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকতে পারে না। ঐতিহাসিক এ স্থাপনাটি যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টিও তুলে ধরেন আবদুস সালাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ‘ধূপখোলা মাঠ’ যথাযথভাবে বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি পুরান ঢাকাকে ঘিরে সাংস্কৃতিক বিপ্লব গড়ে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের নামে ‘ফ্যাসীবাদ বিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেওয়া হয়।
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন সংস্কার ও আধুনিকায়ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা এবং ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ