জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আবেদন ফরম পূরণের সুযোগ পাবেন।
রোববার (৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে বর্ধিত সময়সূচি জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, ফরম পূরণের পর ডাটা এন্ট্রি নিশ্চয়নের কাজ ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে শেষ করতে হবে।
পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে ১৮ ও ১৯ অক্টোবর। এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ফরম পূরণ শেষে শিক্ষার্থীদের বিবরণী, ফরম ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র নিজ নিজ কলেজে সংরক্ষণ করতে হবে। ২০২৫ সালের পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে চার মাস পর্যন্ত এসব নথি কলেজ কর্তৃপক্ষকে সংরক্ষণ করতে হবে।
তবে এসব কাগজপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন হবে না।
এর আগে যেসব কলেজ ফরম পূরণের অর্থ জমা দিতে পারেনি, তারাও বর্ধিত সময়সূচির আওতায় সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে পারবে।
তবে ফরম পূরণের সময় বাড়ানো হলেও অন্যান্য নিয়ম ও শর্তে কোনো পরিবর্তন আসেনি। গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নিয়ম ও শর্ত আগের মতোই কার্যকর থাকবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
মন্তব্যসমূহ