সিরাজগঞ্জের কামারখন্দে একটি বাসা থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দের পর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি অটোরিকশায় করে কয়েক বস্তা ইউরিয়া সার মনিরুল ইসলামের বাড়িতে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে তাঁর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযানে মনিরুল ইসলামের বাসা থেকে ১৮ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়, যার মোট পরিমাণ ৯০০ কেজি। সার মজুত রাখার অপরাধে পরে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, “ওই ব্যক্তি একজন ডিলারের কাছ থেকে ১৮ বস্তা ইউরিয়া সার নিয়ে তাঁর বাসায় রেখেছিলেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সারগুলো জব্দ করা হয় এবং তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এসব সার ভদ্রঘাট ইউনিয়নের কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হবে।
অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ