বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র্যান্ডালের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ এবং নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্য ড. চার্লস গর্ডন উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ভ্যাটিকানের বিদ্যমান সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে শিক্ষাক্ষেত্রে দুই পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে মিশনারি পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। দেশের শিক্ষা বিস্তার, নারী শিক্ষার প্রসার এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানের ভূমিকার কথাও তুলে ধরা হয়।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সরকার শিক্ষার গুণগতমান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে বিদ্যমান সম্পর্কের কথা উল্লেখ করে তিনি শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ