ইউরোপীয় দেশগুলো যদি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স (ডিএসটি) কার্যকর করে, তবে সংশ্লিষ্ট দেশের সব ধরনের পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক বসানো হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইউরোপের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল কর আরোপের প্রস্তুতি নিচ্ছে এবং কিছু দেশ তা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে না এবং তাৎক্ষণিকভাবে কঠোর বাণিজ্যিক জবাব দেবে।
ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, কোনো দেশ যদি এই বিশেষ কর চালু করে, তবে সেই দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সমস্ত পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। পাশাপাশি এই পদক্ষেপের ফলে বর্তমানের যেকোনো দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে যাবে বলেও তিনি সতর্ক করেন।
পোস্টে সুনির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করা না হলেও ট্রাম্পের এই বার্তা মূলত নতুন করে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স চালুর পরিকল্পনাকারী ইউরোপীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত করেই দেওয়া হয়েছে। তবে ২০২০ সাল থেকে যুক্তরাজ্যে এই নিয়ম চালু থাকায় দেশটির ওপর এই ঘোষণার কী প্রভাব পড়বে, তা এখনও নিশ্চিত নয়।
ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, এটিকে যেন একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে গণ্য করা হয়। যেকোনো দেশ এই ধরনের কর বসালে, মার্কিন বাজারে আসা তাদের সব পণ্যের ওপর তাৎক্ষণিক শুল্কারোপ করা হবে।
বর্তমানে যুক্তরাজ্যে কার্যকর থাকা দুই শতাংশ ডিজিটাল সার্ভিসেস ট্যাক্সের তালিকায় রয়েছে অ্যাপল, গুগল, মেটা ও অ্যামাজনের মতো বড় মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলো। যুক্তরাজ্যের ট্রেজারির তথ্য অনুসারে, ২০২৪-২৫ অর্থবছরে এই কর খাত থেকে ৮০ কোটি পাউন্ডের বেশি রাজস্ব সংগৃহীত হয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় বেশ বেশি।
সূত্র : রয়টার্স
মন্তব্যসমূহ