ভারতের অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণের তৃতীয় দাম্পত্য জীবনেও বিচ্ছেদ ঘটেছে। বিয়ের ১৩ বছর পর স্ত্রী আনা কোনিদালার সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পারস্পরিক বোঝাপড়া ও সম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুজন।
সোমবার (৯ নভেম্বর) রাতে পবন কল্যাণের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে তারা জানান, স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে পথচলা শেষ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। সন্তানদের প্রতিপালন ও অভিভাবকত্বের দায়িত্বও যৌথভাবে পালন করবেন তারা। সন্তানদের সুখ ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের সময়ে সবার কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন পবন ও আনা। দীর্ঘদিন ধরে পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
২০১৩ সালে রাশিয়ান বংশোদ্ভূত আনা কোনিদালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পবন কল্যাণ। এই দম্পতির দুই সন্তান রয়েছে। তাদের নাম পোলেনা আঞ্জনা পবনোভা ও মার্ক শঙ্কর পবনোভিচ।
এর আগে আরও দুবার বিয়ে করেছিলেন পবন। ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেন তিনি। ১৯৯৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন। এই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১২ সালে সেই সম্পর্কেরও অবসান ঘটে।
১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন পবন কল্যাণ। তিনি জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী ও নাগেন্দ্র বাবুর ছোট ভাই।
চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতেও নিজের অবস্থান তৈরি করেছেন পবন। ২০০৮ সালে বড় ভাই চিরঞ্জীবীর প্রতিষ্ঠিত প্রজা রাজ্যম পার্টির যুব সংগঠন যুবরাজ্যমের সভাপতি হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন তিনি। পরবর্তী সময়ে ২০১৪ সালের মার্চে নিজেই জনসেনা পার্টি প্রতিষ্ঠা করেন।
২০১৯ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনোটিতেই জয় পাননি পবন। তবে ২০২৪ সালের জাতীয় ও বিধানসভা নির্বাচনে বিজেপি ও তেলুগু দেশম পার্টির (টিডিপি) সঙ্গে জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ওই নির্বাচনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করা সব আসনে জয়লাভ করে।
নির্বাচনের পর ২০২৪ সালের ১৪ জুন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পবন কল্যাণ। অভিনয় ও রাজনৈতিক জীবনে সক্রিয় থাকার মধ্যেই এবার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো তার।














মন্তব্যসমূহ