পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খারান ও মাস্তুং জেলায় পৃথক দুটি সন্ত্রাসবিরোধী অভিযানে মোট আটজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
শনিবার (২৭ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ২৫ ও ২৬ জুন পরিচালিত এসব অভিযানে খারান জেলায় তিনজন এবং মাস্তুং জেলায় পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে একজন সম্ভাব্য আত্মঘাতী হামলাকারী ছিলেন বলে দাবি করা হয়েছে।
আইএসপিআর জানায়, খারানে সশস্ত্র ব্যক্তিদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অন্যদিকে মাস্তুংয়ে সম্ভাব্য আত্মঘাতী হামলার পরিকল্পনার তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে। উভয় অভিযানে তীব্র গোলাগুলির পর সন্দেহভাজনদের নিহত করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ, তাৎক্ষণিক বিস্ফোরক (আইইডি) এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
পাকিস্তান সরকার এসব সশস্ত্র গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করে দাবি করেছে, তাদের সঙ্গে ভারতের সম্পৃক্ততা রয়েছে। তবে ভারত বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারা সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সূত্র: দ্য ডন
মন্তব্যসমূহ