গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জাপান। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু প্রতিপক্ষকে সম্মান জানালেও এবারের বিশ্বকাপে সবচেয়ে ছন্দে থাকা দল হিসেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রশংসা করেছেন।
ডালাস স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, তিনি আশা করেন এই মন্তব্যে অন্য দেশের সাংবাদিকরা বিরূপ প্রতিক্রিয়া দেখাবেন না। এরপর তিনি বলেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলছে। একই সঙ্গে এ মন্তব্যের জন্য ব্রাজিলের কাছে ক্ষমাও চান তিনি।
তবে আর্জেন্টিনার প্রশংসার পাশাপাশি ব্রাজিল ও তাদের প্রধান কোচ কার্লো আনচেলত্তিরও ভূয়সী প্রশংসা করেন জাপান কোচ। তিনি বলেন, আনচেলত্তি বিশ্বের অন্যতম সফল কোচ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ইউরোপের শীর্ষ লিগগুলোতে তার সাফল্য অনন্য। তার মতো উচ্চতায় পৌঁছানো নিজের পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন মোরিয়াসু।
ব্রাজিলকে প্রায় নিখুঁত দল হিসেবে উল্লেখ করলেও নিজেদের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী জাপান কোচ। তার বিশ্বাস, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা সম্ভব।
মোরিয়াসু বলেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য বড় পরীক্ষা হবে। অতীতে একটি প্রীতি ম্যাচে জাপান ব্রাজিলকে হারিয়েছিল। তাই এবার ব্রাজিল আরও বেশি সতর্ক ও অনুপ্রাণিত থাকবে বলেও মনে করেন তিনি।
তিনি আরও বলেন, সময়ের সঙ্গে জাপানের ফুটবলের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। একসময় ব্রাজিলের জন্য জাপান সহজ প্রতিপক্ষ হলেও এখন পরিস্থিতি বদলেছে। বর্তমান দলটি বিশ্বের যেকোনো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য রাখে বলে বিশ্বাস তার।
আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে।