পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের আরও দুই বোন ডক্টর উজমা খান ও নোরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। দলটির ঘোষিত ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখী পদযাত্রার কয়েক দিন আগে সোমবার (২১ সেপ্টেম্বর) লাহোরে তাদের আটক করা হয়।
এর এক দিন আগে ইমরান খানের আরেক বোন আলিমা খানকেও ৩০ দিনের জন্য আটক করা হয়। লাহোরের ডেপুটি কমিশনারের আদেশে তাকে কোট লাখপত কারাগারে পাঠানো হয়। একই কারাগারে উজমা ও নোরিনকেও নেওয়া হয়েছে।
লাহোরের ডেপুটি কমিশনারের কার্যালয় জানিয়েছে, পুলিশের সুপারিশের ভিত্তিতে পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) অর্ডিন্যান্সের ৩ ধারায় উজমা ও নোরিনের বিরুদ্ধে ৩০ দিনের আটকাদেশ জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
পিটিআইয়ের দাবি, উজমা ও নোরিনের সঙ্গে পরিবারের আরও কয়েকজন সদস্যকেও প্রথমে আটক করা হয়েছিল। তাদের একটি সাঁজোয়া যানে করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে দলটি। তবে পরে সন্তান ও পরিবারের অন্য সদস্যদের ছেড়ে দেওয়া হয়।
এর আগে আলিমা খানের আটকাদেশে লাহোর প্রশাসন জানায়, তার কর্মকাণ্ড জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ২০২৩ সালের ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানের বিভিন্ন এলাকায় সংঘটিত বিক্ষোভ ও সহিংসতার ঘটনাও প্রশাসনের আদেশে উল্লেখ করা হয়।
পিটিআই নেতারা এসব আটকের সমালোচনা করেছেন। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেছেন, তাদের ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণ ও রাজনৈতিক এবং সাংবিধানিক ও রাজনৈতিক দাবি আদায়ের লক্ষ্যেই এই কর্মসূচি দেওয়া হয়েছে। তিনি সংঘাত বা সহিংসতা চান না বলেও জানিয়েছেন।
পিটিআই আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভের পাশাপাশি ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে। কারাবন্দি ইমরান খানের মুক্তি এবং সংবিধানের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচি সামনে রেখে পিটিআই নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড়ের খবর পাওয়া যাচ্ছে।
এদিকে পাকিস্তান সরকার ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ইসলামাবাদ অভিমুখী পদযাত্রা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: ডন