বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে। বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক ভিসা ইস্যু করছে বলেও জানান তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব তথ্য জানান ভারতের উপহাইকমিশনার। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এফবিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন পবনকুমার তুলসীদাস বাধে।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে একটি ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর বিশেষ জোর দেন তিনি।
পবনকুমার তুলসীদাস বাধে জানান, এই টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে তার দপ্তর উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সার্বিক সহযোগিতাও চান তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্রক্রিয়া সহজ করা হয়েছে বলেও জানান ভারতের উপহাইকমিশনার। ভারতীয় হাইকমিশন বর্তমানে প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক জোরদারে একটি যৌথ টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি দুই দেশের উদীয়মান ও সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগ এগিয়ে নিতে উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণ, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বিদ্যমান বাধাগুলো দূর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।