সাবেক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি। বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও ভালোবাসা নিয়ে খোলামেলা কথা বলেন কেটি পেরি। ‘আনফেমাস’ পডকাস্টে তিনি জানান, জীবনে ভালোবাসার উপস্থিতি তাকে মানসিক ও ব্যক্তিগতভাবে অনেকটাই বদলে দিয়েছে। এই অভিজ্ঞতাকে তিনি ‘রূপান্তরমূলক’ বলে উল্লেখ করেন।
৪৪ বছর বয়সী এই সংগীতশিল্পী বলেন, একসময় ‘ভালোবাসাই সব’—এ ধরনের কথাকে তিনি স্রেফ প্রচলিত বুলি মনে করতেন। তবে এখন তিনি উপলব্ধি করেছেন, ভালোবাসার প্রকৃত অর্থ অনেক গভীর।
পডকাস্টে কেটি পেরি বলেন, “আমার জীবনে এখন ভালোবাসা আছে, আর এটাই আমাকে বদলে দিয়েছে।”
তিনি আরও বলেন, মানুষ নিজে সেই অনুভূতির মধ্য দিয়ে না গেলে ভালোবাসার আসল শক্তি বোঝা সম্ভব নয়। তার ভাষায়, এটি এমন এক অভিজ্ঞতা, যা মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে।