জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বসছে দেশের জনপ্রিয় সাত ব্যান্ডের সংগীত আয়োজন ‘কনসার্ট ফর সলিডারিটি’। বিকেল ৪টা থেকে শুরু হয়ে টানা সাত ঘণ্টা চলবে এই কনসার্ট। দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে, উপভোগ করা যাবে বিনামূল্যে।
আয়োজনে অংশ নিচ্ছে নগর বাউল, ওয়ারফেজ, মাইলস, ফিডব্যাক, শিরোনামহীন, আর্টসেল ও মেকানিক্স। প্রতিটি ব্যান্ড নিজেদের জনপ্রিয় গান পরিবেশন করবে। আয়োজকদের প্রত্যাশা, দীর্ঘ এই সংগীত আয়োজনে দর্শক-শ্রোতারা একসঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারবেন।
কনসার্ট প্রাঙ্গণে দর্শকদের প্রবেশ শুরু হবে বিকেল ৩টায়। এর এক ঘণ্টা পর শুরু হবে মূল সংগীত পরিবেশনা। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
কনসার্টটি নিয়ে বামবা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক ব্যান্ড, সাত ঘণ্টা পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদযাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’
এদিকে নগর বাউলের প্রধান জেমসও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কনসার্টে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’
জেমসের পাশাপাশি অংশগ্রহণকারী অন্য ব্যান্ডগুলোর সদস্যরাও দর্শক-শ্রোতাদের কনসার্টে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। একসঙ্গে গান গেয়ে আনন্দ ভাগাভাগি করার প্রত্যাশা জানিয়েছেন তাঁরা।














মন্তব্যসমূহ