আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনগত কাঠামোর মধ্যেই কাজ করে।
মঙ্গলবার সচিবালয়ে রাজধানীর যানজট নিরসনসংক্রান্ত একটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মতামত নেওয়ার পর নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত জানাবে।
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার এসব যান পুরোপুরি বন্ধ করার পক্ষে নয়। তবে অনিয়ন্ত্রিত চলাচল ও অবৈধভাবে গড়ে ওঠা চার্জিং পয়েন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশেষ করে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে যেসব চার্জিং পয়েন্ট পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
রাজধানীর যানজট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিনের এ সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর কাজ শুরু হয়েছে।
তিনি জানান, রাজধানীর ট্রাফিক চাপ কমাতে কয়েকটি বাসস্ট্যান্ড শহরের বাইরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, এ রায়ের মাধ্যমে দেশের মানুষ ন্যায়বিচার পেয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশানে মিছিলের প্রসঙ্গে তিনি বলেন, ওই ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর যানজট নিয়ন্ত্রণ, পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাজের সমন্বয় বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করবে।