ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

রাজধানীর দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সাতটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ঢাকার যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় দ্রুত ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি চালুর নির্দেশ দেওয়া হয়েছে। টোল পরিশোধ সহজ করতে একটি মোবাইল অ্যাপও তৈরি করা হবে। এসব ব্যবস্থা আগামী চার মাসের মধ্যে চালুর সময়সীমা দেওয়া হয়েছে। [BANGVIEWS-POST:4739]রাজধানীর কেন্দ্রীয় অংশে আন্তজেলা বাসের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থায়ী টার্মিনাল নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হবে। এর আগে আগামী চার মাসের মধ্যে কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে।একই সঙ্গে বাসের ধারণক্ষমতা ও ব্যবস্থাপনা বাড়াতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার ঘিরে যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আগের মূল্যায়ন প্রতিবেদন পুনর্বিবেচনা করে নতুন সুপারিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বুয়েট, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ যৌথভাবে এ বিষয়ে কাজ করবে।রাজধানীর কেন্দ্রীয় এলাকার যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি সচিবালয় এলাকার পার্কিং সংকট মোকাবিলায় ওসমানী স্মৃতি মিলনায়তন এলাকার সম্ভাব্য ব্যবহারসহ বিকল্প পার্কিং ব্যবস্থা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল করতে পৃথক নীতিমালা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদন ছাড়া চলাচলকারী ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।[BANGVIEWS-POST:4738]প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়নে নির্ধারিত সময়সীমা কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি সড়ক পরিবহন, ট্রাফিক পুলিশ, স্থানীয় সরকার বিভাগ ও সিটি করপোরেশনের মধ্যে নিয়মিত সমন্বয় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা