নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়া পাকিস্তানি ব্যান্ড কাভিশের কনসার্ট অবশেষে নতুন তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত এই সংগীত আয়োজনে কাভিশের পাশাপাশি মঞ্চে থাকবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।
শনিবার আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে।
আগের আয়োজনটির নাম ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’। নতুন আয়োজনে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’।
নিরাপত্তাজনিত কারণে এখনই কনসার্টের ভেন্যুর নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
আগে যারা কনসার্টের জন্য টিকিট কিনেছিলেন, তাদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে না। পুরোনো টিকিট দিয়েই ২৬ সেপ্টেম্বরের আয়োজনে প্রবেশ করা যাবে।
একই সঙ্গে নতুন দর্শকদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে টিকিট বিক্রি শুরু হয়েছে। সাধারণ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৯ টাকা। ভিআইপি টিকিটের দাম ৫ হাজার ৪৯৯ টাকা।
কাভিশ, শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে তৎকালীন সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
এরপর প্রায় ১০ মাস ধরে কাভিশের ভক্তরা কনসার্টটির নতুন তারিখের অপেক্ষায় ছিলেন। নতুন সূচি ঘোষণার মাধ্যমে সেই অপেক্ষার অবসান হচ্ছে।
জাফর জাইদি ও মাজ মাওদুদ ১৯৯৮ সালে পাকিস্তানি ব্যান্ড কাভিশ গড়ে তোলেন। ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবার বাংলাদেশে এসে গান পরিবেশন করে ব্যান্ডটি। এরপর বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও তাদের জনপ্রিয়তা আরও বাড়ে।
কাভিশের আলোচিত গানগুলোর মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’।
২৬ সেপ্টেম্বরের কনসার্টে কাভিশের সঙ্গে বাংলাদেশের শিরোনামহীন ও মেঘদলের পরিবেশনাও থাকবে।