চট্টগ্রাম নগরীর বাসিন্দাদের জন্য নিরাপদ ও মানসম্মত পানি সহজলভ্য করতে আরও ৯৪টি পানি এটিএম স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে ড্রিংকওয়েলের সঙ্গে পাঁচ বছরের একটি সমঝোতা স্মারক সই করেছে সংস্থাটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসা ভবনে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জাহাঙ্গীর আলম এবং ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমঝোতা অনুযায়ী, নগরীর বিভিন্ন এলাকায় ধাপে ধাপে ৯৪টি পানি এটিএম স্থাপন করা হবে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার অধীনে ছয়টি পানি এটিএম চালু রয়েছে। নতুন প্রকল্পের ৯৪টি যুক্ত হলে নগরীতে মোট পানি এটিএমের সংখ্যা দাঁড়াবে ১০০টিতে।
চুক্তির আওতায় ড্রিংকওয়েল ওয়াসার সরবরাহ করা পানির গুণগত মান এবং বিদ্যমান শোধনব্যবস্থা পর্যালোচনা করবে। প্রয়োজন দেখা দিলে অতিরিক্ত পানি শোধনের ব্যবস্থা কীভাবে করা হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন পানি এটিএমগুলোতে পরিচয়ভিত্তিক কার্ড ব্যবহারের মাধ্যমে পানি সরবরাহের প্রযুক্তি থাকবে। প্রাথমিক পর্যায়ে এটিএম স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা সরবরাহ করবে চট্টগ্রাম ওয়াসা। অন্যদিকে যন্ত্রপাতি সরবরাহ এবং প্রকল্পের মূলধনি বিনিয়োগ করবে ড্রিংকওয়েল।
এছাড়া পানি এটিএমের নকশা প্রণয়ন, স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও ড্রিংকওয়েলের ওপর থাকবে। এই উদ্যোগের মাধ্যমে নগরবাসীর কাছে নিরাপদ পানি সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি পানি সংগ্রহে আধুনিক ও সুবিধাজনক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ড্রিংকওয়েল বাংলাদেশের সেবা প্রকৌশল বিভাগের প্রধান মো. আবদুস সাত্তার এবং চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী বিষ্ণু কুমার সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।