দ্বিতীয় সন্তানের জন্মের পর দীর্ঘদিন আড়ালে থাকা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আবারও কাজে ফিরছেন। এবার তাকে দেখা যেতে পারে স্বামী ও অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে একই অনুষ্ঠানে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, রান্না ও মজার খেলা নিয়ে তৈরি একটি অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে শ্রীময়ী-কাঞ্চন জুটিকে। যদিও অনুষ্ঠানটির বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
জানা গেছে, নির্মাতা রাজ চক্রবর্তীর পরিকল্পনায় তৈরি হচ্ছে এই বিশেষ অনুষ্ঠান। এরই মধ্যে শুটিং শুরু হয়েছে বলেও খবর রয়েছে। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় থাকবেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
শুধু শ্রীময়ী-কাঞ্চন নয়, অনুষ্ঠানে আরও কয়েকজন পরিচিত মুখকে দেখা যেতে পারে বলে জানা গেছে।
এর আগে ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে সর্বশেষ দেখা গিয়েছিল শ্রীময়ীকে। এরপর পরিবারকে সময় দেওয়ার জন্য অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন তিনি। অন্যদিকে কাঞ্চন মল্লিক নিয়মিত অভিনয়ের পাশাপাশি বড় পর্দার কাজেও ব্যস্ত রয়েছেন।
তবে নতুন এই অনুষ্ঠান নিয়ে এখনো শ্রীময়ী বা কাঞ্চনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।