সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করার অভিযোগে আটজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সাভারের বিপিএটিসি এলাকার নবীনগরমুখী লেনে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, ৮ থেকে ১২ জনের একটি দল ব্যানার নিয়ে মহাসড়কের ওই অংশে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করে।
পরে মিছিলে অংশ নেওয়া অন্যদের আটক করতে আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই অভিযানে আরও পাঁচজনকে আটক করা হয়। সব মিলিয়ে আটজনকে আটক করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলের চেষ্টা করার সময় প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, মিছিলের চেষ্টা চালানোর ঘটনায় কয়েকজনকে প্রথমে আটক করা হয়। পরবর্তী সময়ে পুলিশের অভিযানে আরও কয়েকজন আটক হন। এ ঘটনায় মোট আটজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।