ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশের সিনেমা। রুবাইয়াত হোসন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের দেওয়া বিসাতো দ’ওরো পুরস্কারে সেরা পরিচালনার স্বীকৃতি পেয়েছে।
শুক্রবার ভেনিসে পরিচালক রুবাইয়াত হোসনের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রথমবারের মতো ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজন্তি প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়ার পর এই স্বীকৃতি এলো।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রুবাইয়াত হোসন বলেন, ভেনিসের মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে এমন স্বীকৃতি পাওয়া তার জন্য বিশেষ সম্মানের। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক যাত্রার জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজন্তি বিভাগে নির্বাচিত হয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৬ সেপ্টেম্বর ভেনিসের সালা দারসেনায় ছবিটির অফিসিয়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
রুবাইয়াতের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। সমকালীন ঢাকার প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির কেন্দ্রে রয়েছে বিয়ে করতে যাওয়া এক তরুণীর অভিজ্ঞতা। সৌন্দর্যচর্চা, পারিবারিক ও সামাজিক প্রত্যাশা এবং নিজের শরীরকে ঘিরে তার ক্রমবর্ধমান অস্বস্তিকে মনস্তাত্ত্বিক ও অতিপ্রাকৃত আবহে তুলে ধরা হয়েছে ছবিতে।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, নারীর শরীরকে ঘিরে সামাজিক নিয়ন্ত্রণ, সৌন্দর্যের ধারণা এবং বিয়েকে কেন্দ্র করে তৈরি প্রত্যাশার বিষয়গুলো দীর্ঘদিন ধরেই তাকে ভাবিয়েছে। সেই ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতা থেকেই চলচ্চিত্রটির গল্প তৈরি হয়েছে।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনিন চৌধুরী করিম। এছাড়া অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ ও মোহাম্মদ বারীসহ আরও অনেকে।
ফ্রান্স, বাংলাদেশ, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির দৈর্ঘ্য ৮৮ মিনিট।
ভেনিসের পর ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে। সেখানে ছবিটি সেন্টারপিস বিভাগে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।