দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, নতুন দুই মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ২৭৬ জনে।
সেপ্টেম্বরের শুরু থেকেই দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচিও শুরু করেছে সরকার।