বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হয়।
তথ্য যাচাই-বাছাই শেষে দেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ফলে ১৩ সেপ্টেম্বর রোববার থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস শুরু হবে এবং মাসের ১১ তারিখ, অর্থাৎ ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
সভায় ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর, স্পারসোসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।