দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ১২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও তিন শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হাম পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় নতুন করে ৩৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে।
অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনাও ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ ধরনের মৃত্যুর সংখ্যা ৪০৮ জন। এরপর সিলেট বিভাগে ১৫৭, রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৬৮, বরিশালে ৫৭, ময়মনসিংহে ৭৭, খুলনায় ৩৮ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৬৬ জন ভর্তি হয়েছে। এর ফলে হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জনে। এর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৮২২ জন। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৬৭ জনের শরীরে।