দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে খুলনা বিভাগের দুইজন রয়েছেন। এছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৪১ জন রোগী রয়েছেন।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৮১ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৪৩০ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ৮৫৭ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।