বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান।
সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে মো. আব্দুল মান্নানকে বদলিপূর্বক প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে চলতি বছরের ১৭ মে থেকে আব্দুল মান্নান পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। এবার তাকে নিয়মিত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিল সরকার।
আব্দুল মান্নান বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।