সাভারের আমিন বাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) র্যাব ও সাভার মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে চারজনকে মুন্সীগঞ্জ থেকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে গেলেও দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ মামলায় মোট ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতার হওয়া প্রধান আসামি জহিরুল ইসলামকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, এজাহারভুক্ত আরও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হয়। র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান হত্যাকাণ্ডের কারণ ও গ্রেফতারদের বিষয়ে তথ্য তুলে ধরেন।
এর আগে শনিবার রাতে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় এসআই আলতাফ হোসেনকে তার ছেলের পোশাক কারখানায় ঢুকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তার ছোট ছেলেকেও মারধর করা হয়।
নিহত আলতাফ হোসেন পুলিশের এসবি শাখার ঢাকার মালিবাগ কার্যালয়ে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী শিউলি বেগম সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।