জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার বিরুদ্ধে আওয়ামী লীগকে রক্ষার শর্তে তাদের সম্পদ ব্যবহার করার অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে আবু হানিফ দাবি করেন, মাদারীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তুষারের গাড়ি ব্যবহার করছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি অভিযোগ করেন, তুষার ২০২২ সালে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মিছিল এবং ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন।
তিনি আরও দাবি করেন, শুধু একজন নয়, এনসিপির আরও অনেক নেতা আওয়ামী লীগের নেতাদের সম্পদ ব্যবহারের বিনিময়ে তাদের রক্ষা করছেন।
আবু হানিফ তার পোস্টে আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জের এক আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লাখ টাকা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার যুবলীগ নেতা শ্যামলকে এনসিপিতে যুক্ত করার বিষয়েও অভিযোগ করেন তিনি।
তার দাবি, ৫ আগস্টের পর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সম্পদ ব্যবহার করে তাদের রক্ষা করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এনসিপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।