ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করছে তেহরান।
মঙ্গলবার (১৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাঘচি। খবর আলজাজিরার।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. মাসুদ পেজেশকিয়ানের প্রশাসনের অধীনে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, এই নীতির অংশ হিসেবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান উত্তেজনা কমানো, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক কূটনীতি জোরদারে কাজ করছে ইরান।
সাম্প্রতিক অস্থিরতার সময় সহযোগিতা করায় প্রতিবেশী দেশগুলোর প্রশংসা করেন আরাঘচি। তিনি বলেন, কয়েকটি দেশ ইরানে পণ্য ও ওষুধ সরবরাহ অব্যাহত রেখেছে। পাশাপাশি এসব দেশের ভূখণ্ড ব্যবহার করে আটকে পড়া ইরানি নাগরিকদের দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে এবং ইরানি বিমানকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে।
যুদ্ধবিরতি প্রসঙ্গে ইরানের অবস্থান তুলে ধরে আরাঘচি বলেন, ইরান শুধু অস্থায়ী যুদ্ধবিরতি চায় না, বরং সংঘাতের স্থায়ী অবসান চায়।
তিনি বলেন, এমন কোনো পরিস্থিতি ইরান চায় না, যেখানে যুদ্ধ থেমে যাওয়ার পর কয়েক মাসের মধ্যে আবারও সংঘাত শুরু হয় এবং এটি একটি নিয়মিত ধারায় পরিণত হয়।
সূত্র: আলজাজিরা
মন্তব্যসমূহ