ইরান যুদ্ধ চায় না, তবে কোনো ধরনের চাপ বা হুমকির কাছে দেশটি নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে শান্তির কোনো প্রস্তাব এলে তা প্রত্যাখ্যান না করার পক্ষে মত দিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান এসব কথা বলেন। তাঁর বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সামা টিভি।পেজেশকিয়ান বলেন, শত্রুদের গতিবিধির বিষয়ে ইরানকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে শান্তির কোনো প্রস্তাব এলে সেটি প্রত্যাখ্যান না করার কথাও বলেন তিনি।ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুদের প্রতি ইরানের অবস্থানে কোনো নমনীয়তা নেই। তবে এর অর্থ এই নয় যে ইরান যুদ্ধ চায়। তাঁর ভাষায়, ইরান যুদ্ধ চায় না, কিন্তু কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না।তিনি আরও বলেন, ইরান চুক্তি করবে এবং সেই চুক্তিগুলোর প্রতি পুরোপুরি অঙ্গীকারবদ্ধ থাকবে। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার ক্ষেত্রে ইরানের অবস্থান সম্পর্কে একটি বার্তা দেন তিনি।পেজেশকিয়ান বলেন, ইরানের বিভিন্ন সমস্যা সমাধানে জাতীয় ঐক্য ও সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অভ্যন্তরীণ ঐক্য জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যেকোনো আলোচনাকে স্বাগত জানানোর কথা বলেন। অর্থাৎ সামরিক সংঘাত এড়ানোর পাশাপাশি কূটনৈতিক আলোচনার পথও খোলা রাখার বার্তা দিয়েছেন তিনি।পেজেশকিয়ানের বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের সামরিক ও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা রয়েছে। তাঁর বক্তব্যে একদিকে ইরানের নিরাপত্তা ও অবস্থান নিয়ে কঠোর থাকার কথা বলা হয়েছে, অন্যদিকে শান্তি ও আলোচনার প্রস্তাব গ্রহণের সুযোগও রাখা হয়েছে।সূত্র: সামা টিভি